অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

কমলো সোনার দাম

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী থাকায় দেশের বাজারে প্রতি ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার এই নতুন দাম বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জুয়েলার্স সমিতি।

সর্বশেষ গত ১৩ জানুয়ারি প্রতি ভরি সোনার দাম প্রায় দুই হাজার টাকা হ্রাস করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি সোনার অলংকারের দাম দাঁড়াবে ৭১ হাজার ১৫০ টাকা।

সোনার নতুন দর বুধবার থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৮ হাজার ১ টাকা, ১৮ ক্যারেট ৫৯ হাজার ২৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৪৮ হাজার ৯৩০ টাকায়।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা কমছে।

এদিকে সোনার দাম কম‌লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি জানিয়েছে, বিশ্বব্যাপী করোনার টিকা নেওয়া শুরু হলেও তার প্রভাব এখনো অর্থনীতিতে পুরোপুরি পড়েনি। ফলে নানা জটিল সমীকরণে বিশ্ববাজার অস্থির। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের জুয়েলার্স ব্যবসায় অচলাবস্থা কাটাতে ও ভোক্তাদের কথা চিন্তা করে চলতি বছর টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

চিত্রদেশ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 March 2021

কমলো সোনার দাম

chitrodesh.com