প্রধান সংবাদ

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। আগের নির্ধারিত তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হচ্ছে এই ভিসার মেয়াদ। নতুন এই নীতি আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

অবশ্য, হজ ভিসার মেয়াদ আগের মতই তিন মাস থাকবে। তাতে কোনো পরিবর্তন হবে না।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ওমরাহ ভিসায় কিছু পরিবর্তন এনেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সংশোধিত নিয়ম অনুযায়ী ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো ওমরাহযাত্রী সৌদি আরবে প্রবেশের জন্য নাম নথিভুক্ত না করেন তাহলে তার ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। ভিসা ব্যবস্থাপনা সহজতর করা ও ওমরাহযাত্রীদের প্রবেশ প্রক্রিয়া সহজ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ন্যাশনাল কমিটি ফর ওমরাহ অ্যান্ড ভিজিটের উপদেষ্টা আহমেদ বাজাইফার বলেন, ওমরাহযাত্রীদের প্রত্যাশিত ভিড় সামলানোর জন্য মন্ত্রণালয়ের প্রস্তুতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ঠান্ডার মাসগুলোতে সাধারণত বেশি মানুষ ওমরাহ করতে মক্কা ও মদিনায় প্রবেশ করেন। এই সময়টায় যেন পবিত্র দুই শহরে বেশি ভিড় না হয়ে যায়, সেজন্যই ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রালয় জানিয়েছিল, ব্যক্তিগত ও পারিবারিক ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, কাজেরভিসাসহ অন্যান্য ভিসাধারীরাও এখন থেকে ওমরাহ পালন করতে পারবেন।

এক বিবৃতিতে বলা হয়, ওমরাহযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ও সেবার পরিধি বাড়ানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সৌদির ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
31 October 2025

ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

chitrodesh.com