কর্পোরেট সংবাদপ্রধান সংবাদ

আমন ধান কেনায় সরকারের রেকর্ড

স্টাফ রিপোর্টার:
আমনে ধান কেনার ক্ষেত্রে রেকর্ড করেছে সরকার। এবার আমনে সরাসরি কৃষকের কাছ থেকে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ সোয়া ৬ লাখ টন ধান কেনা হয়েছে।

বুধবার সচিবালয়ে আমন সংগ্রহ নিয়ে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান। এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ৬ লাখ ২৬ হাজার ৯৯১ টন আমন ধান সংগ্রহ করব। ৩ লাখ ৩৭ হাজার ৬১৮ টন সেদ্ধ চাল ও ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল সংগ্রহ করব। এই উদ্দেশ্য সামনে রেখেই কাজ শুরু করি। কৃষি মন্ত্রণালয় থেকে আমরা তালিকা সংগ্রহ করেছি। মাঠ পর্যায়ের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা, আমাদের উপজেলা খাদ্য কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ২৫টি টিম মাঠে কাজ করেছে তদারকি করার জন্য।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘ছোটখাট বিচ্যুতি ছাড়া সর্বপ্রথম কৃষকদের কাছ থেকে সরাসরি প্রায় ৬ লাখ ২৭ হাজার টন ধান সংগ্রহ সম্ভব হয়েছে। খাদ্য ও কৃষি মন্ত্রণালয় সবসময় আলাপ-আলোচনার মাধ্যমে কাজ করে, আমরা একে অপরের সম্পূরক মনে করি। কারণ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে ন্যায্যমূল্য দেয়ার জন্যই আমাদের এই প্রয়াস। আশা করি, আমরা সাকসেসফুল হয়েছি।’

‘আমরা ধানের লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৫ শতাংশ সংগ্রহ করতে সক্ষম হয়েছি। এছাড়া সেদ্ধ চাল ৯৯ দশমিক ৯৪ শতাংশ ও আতপ চাল ৯৮ দশমিক ৮৬ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে’ বলেন সাধন চন্দ্র মজুমদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আমনে লক্ষ্যমাত্রার বিপরীতে ৬ লাখ ২৬ হাজার ৬৫৭ টন ধান, ৩ লাখ ৩৭ হাজার ৪০৭ টন সেদ্ধ চাল ও ৪৩ হাজার ৯০০ টন আতপ চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদফতর।

ধান কেনার ক্ষেত্রে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। ১৬টি উপজেলায় অ্যাপের মাধ্যমে ধান কেনা হয়েছে বলে জানান মন্ত্রী।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 March 2020

আমন ধান কেনায় সরকারের রেকর্ড

chitrodesh.com