প্রধান সংবাদ

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

পাবনা প্রতিনিধি
পাবনা জেলার সব রুটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। ফলে আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

পাবনা জেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করেছে মালিক- শ্রমিক ঐক্য পরিষদ।

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব।

অন্যদিকে সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়নি; বরং স্থগিত হয়েছে বলে জানিয়েছেন মালিক- শ্রমিক নেতৃবৃন্দ।

৬ দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিকরা বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ধর্মঘট করে আসছিলেন।

বৃহস্পতিবার রাতে বেড়া উপজেলার নির্বাহী কার্যালয়ের সভাকক্ষে পাবনার বাস, ট্রাক, কোচ, মিনিবাস মালিক শ্রমিক নেতৃবৃন্দ, পাবনার জেলা প্রশাসক, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও শাহজাদপুরের শ্রমিক নেতাদের উপস্থিতিতে বৈঠক হয়।

শাহজাদপুরের মোটর মালিকরা সভায় উপস্থিত না হওয়ায় সমঝোতা প্রক্রিয়া পুরোপুরি নিষ্পত্তি হয়নি। তবে জেলা প্রশাসকের অনুরোধে মালিক শ্রমিক ঐক্য পরিষদ আগামী সোমবার পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেন।

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, বৈঠক ব্যর্থ হয়নি। আগামী সোমবার পর্যন্ত মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট স্থগিত করেছে।

পাবনা জেলা মোটর মালিক গ্রুপ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘সিরাজগঞ্জের শাহজাদপুরের মালিক শ্রমিকরা দীর্ঘদিন ধরে কোনো কারণ ছাড়াই পাবনার কোচ ও বাস ড্রাইভারদের কছে জোর করে চাঁদা আদায়, মারধর করে আসছে। এছাড়া শাহজাদপুরের ওপর দিয়ে বাস-ট্রাক চলাচলে ওইখানকার মালিক শ্রমিকরা প্রায়ই বাধা সৃষ্টি করে। পাবনার মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার প্রতিকার চেয়েও কোনো ফল পায়নি।’

তিনি আরো বলেন, ‘আমরা এর সুষ্ঠু ও স্থায়ী সমাধান চাই। ৭২ ঘণ্টার মধ্যে ছয় দফা দাবি না মানায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পাবনা জেলার সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। পাবনা জেলা প্রশাসন ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের অনুরোধে আমরা সমঝোতা সভায় যোগ দিই। কিন্তু সেই সভায় শাহজাদপুরের মালিক সমিতির নেতৃবৃন্দ আসেনি। ফলে কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়েছে।’

‘শুধুমাত্র পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ এবং শাহজাদপুর উপজেলা প্রশাসনের অনুরোধে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে’ বলেন হাবিবুর রহমান।

‘আগামী সোমবার বিকেলে একই স্থানে পাবনা ও সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক এবং মোটর মালিক শ্রমিকদের সঙ্গে আরেকটি বৈঠক হবে। সেই বৈঠকে কার্যকর কোনো সিদ্ধান্ত না হলে পরদিন থেকে আবার পাবনা জেলার সব রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।’

 

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
01 January 2021

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

chitrodesh.com