শিক্ষা

১৩ মার্চ সাময়িকভাবে খুলছে ঢাবির হল

স্টাফ রিপোর্টার:
মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীরাই পরীক্ষা চলাকালে নিজেদের প্রবেশপত্র দেখিয়ে সংশ্লিষ্ট হলে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষা শেষ হলেই হল ত্যাগ করতে হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে আয়োজিত পরিবেশ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, পরীক্ষার সময়সূচি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শুধু মাস্টার্স এবং অনার্স শেষ বর্ষের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে হলে থাকার সুযোগ দানের বিষয়টি সভায় অবহিত করা হয়।

সভায় জানানো হয়, পরীক্ষার প্রবেশপত্রধারী সংশ্লিষ্ট আবাসিক শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষা চলাকালে হলে অবস্থান করতে পারবেন এবং পরীক্ষা শেষ হলেই হল ত্যাগ করবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা চান। ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসব উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সভার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ডেইলি বাংলাদেশকে বলেন, সভায় উদ্ভূত কোভিড-১৯ পরিস্থিতিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও করোনাকালীন সময়ে হলে অবস্থানরত শুধুমাত্র স্নাতক শেষ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের হলে রাখার কর্মকৌশল বিষয়ে আলোচনা হয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সভায় সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, এ বছর কোনো সমাগম হবে না, সমবেত হওয়া যাবে না। প্রতিবছরের ন্যায় এ বছর কোনো আপ্যায়নের ব্যবস্থা থাকবে না। জনসমাগম এড়ানোর জন্য এ বছর সংগঠন পর্যায়ে একটি ব্যানারের অধীনে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে।

হলে অবস্থানরত শিক্ষার্থীদের হলে রাখার কর্মকৌশল বিষয়ে সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, হলে শুধুমাত্র স্নাতক ৪র্থ বর্ষ ও মাস্টার্সের আবাসিক পরীক্ষার্থীরাই উঠতে পারবে বলে যে সিদ্ধান্ত হয়েছিল সেটিই বহাল রয়েছে। হলে পূর্বে থেকে অবস্থানরত নয় এমন পরীক্ষার্থীদের আবাসন নিয়েও সভায় আলোচনা হয়েছে এবং এ ব্যাপারে প্রভোস্ট মহোদয়দের সঙ্গে আলোচনা করে কী করণীয় পরবর্তীতে তা জানানো হবে।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
16 February 2021

১৩ মার্চ সাময়িকভাবে খুলছে ঢাবির হল

chitrodesh.com