অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন আজ

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনা ভাইরাসের প্রেক্ষিতে কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গতকাল শুরু হয়েছে বাজেট অধিবেশন। এ অধিবেশনে আজ (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দ্বিতীয় বাজেট।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের বাজেট শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা তৃতীয় মেয়াদের দ্বিতীয় এবং একই সঙ্গে অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালেরও দ্বিতীয় বাজেট। এর আগে আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ১০টি বাজেট উপস্থাপন করেছিলেন।

সরকারের ২০২০-২১ অর্থবছরের জন্য সম্ভাব্য বরাদ্দের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। বাজেট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্য উপস্থিত থাকবেন। এর আগে দুপুর ১২টায় জাতীয় সংসদের কেবিনেট কক্ষে রয়েছে মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক। এতে সরকারের ২০২০-২১ অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। মন্ত্রিপরিষদে অনুমোদনের পর ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক স্বাক্ষর দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আহম মুস্তাফা কামাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করলেও বক্তৃতা বইয়ের কয়েক পৃষ্ঠা পাঠের পর অসুস্থ হয়ে পড়েন। পরে প্রধানমন্ত্রী নিজে বইয়ের বাকি অংশ পড়ে শোনান। শুধু তাই নয়, প্রথা অনুযায়ী পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন করতে পারেননি অর্থমন্ত্রী। তার পরিবর্তে গণমাধ্যমের সামনে আসেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয় হলো স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেতু বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নতুন বাজেটে ঘাটতির (অনুদানসহ) পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৮৪ কোটি টাকা, এটি মোট জিডিপির ৫ দশমিক ৮ শতাংশ। অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ১ লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা, যা জিডিপির ৬ শতাংশ। এছাড়া মূল ১০টি খাতে বরাদ্দের অঙ্ক মোট এডিপি’র ৯৩ দশমিক ১৯ শতাংশ।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 June 2020

অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন আজ

chitrodesh.com