প্রধান সংবাদ

দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তা নেই

স্টাফ রিপোর্টার:
করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে গণটিকার কর্মসূচি চলাকালে কিছু কিছু জায়গায় টিকার সংকট দেখা গেলেও স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দ্বিতীয় ডোজের টিকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফাইজার, মডার্না এবং সিনোফার্মের দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকা রয়েছে। টিকা নিয়ে কোনো আশঙ্কার অবকাশ নেই।

বুধবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এসব কথা বলেন।

নাজমুল ইসলাম বলেন, যাকে যেসব কেন্দ্র থেকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, তার টিকা কার্ডে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত সময় লিখে দেওয়া হয়েছে। সে অনুযায়ী টিকাকেন্দ্রে গেলেই যিনি প্রথম ডোজে ফাইজারের টিকা নিয়েছেন তাকে ফাইজারের দ্বিতীয় ডোজ, যিনি মডার্না বা সিনোফার্মের টিকায় প্রথম ডোজ নিয়েছেন, তাকে সে অনুযায়ী মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘গত তিনদিন ধরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ৪২৪টি নমুনা পরীক্ষা করে ১১ হাজার ১৬৪ জন রোগী শনাক্ত হয়। করোনা নমুনা পরীক্ষার সংখ্যা হিসাবে রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ। কিছুদিন আগেও এ হার ৩০ শতাংশের বেশি পৌঁছেছিল।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না এবং সিনোফার্মের মিলিয়ে সর্বমোট এক কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৬৩ জনকে। ফাইজারের টিকায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ২৫৫ জনকে। সিনোফার্মের দেওয়া হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জনকে এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৭৪৭ জনকে।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
11 August 2021

দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তা নেই

chitrodesh.com