আন্তর্জাতিকপ্রধান সংবাদ

বাংলাদেশ জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

স্থানীয় সময় সোমবার (৭ ডিসেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের ৩ সংস্থা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ প্রকল্প সেবাগুলোর কার্যালয় (ইউএনওপিএস) এর নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘে নিযুক্ত বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডগুলোর সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য দু’জন সহ-সভাপতি হলেন নেদারল্যান্ড ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি। এর ফলে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্য ও নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে এবং তাদের কাজে কৌশলগত দিক-নির্দেশনা দিতে সক্ষম হবে।

মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাকে এগিয়ে নিতে ইউএনডিপি ইউএনএফপিএ ও ইউএনওপিএস এর সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে।

জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কাজ করে থাকে। ইউএনপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে। আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

 

নব-নির্বাচিত কার্যনিবাহী বোর্ডের প্রথম সভায় দেওয়া বক্তব্যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই সংস্থা তিনটির কাজে অবদান রাখার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যের প্রতি আস্থা রাখা এবং বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান রাষ্ট্রদূত ফাতিমা।

তিনি বোর্ডগুলোর কাজ বিশেষ করে কোভিড-১৯ অতিমারির প্রেক্ষাপটে পুনরায় আগের ভালো অবস্থায় ফিরে আসার ক্ষেত্রে গৃহীত প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিনিধি দলের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বিশ্বব্যাপী উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে জাতিসংঘ সংস্থা এবং এর নির্বাহী বোর্ডগুলোর সাথে দীর্ঘসময় ধরে বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। এরফলে যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এই নির্বাচন তারই প্রতিফলন।

উল্লেখ্য, চলতি বছরে রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
08 December 2020

বাংলাদেশ জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত

chitrodesh.com