খােজঁ-খবরপ্রধান সংবাদ

জনস্বাস্থ্য ও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ওএসডি

স্টাফ রিপোর্টার:
প্রতিষ্ঠানের নারীকর্মচারীদের হিজাব পরা ও পোশাক বিধির নির্দেশ দেয়ায় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। নতুন করে ডা. তানভীর আহমেদ চৌধুরীকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও দুর্নীতির মামলার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকেও ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।

সম্প্রতি জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা–কর্মচারীদের জন্য পোশাক বিধি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে আলোচনায় আসেন ডা. আব্দুর রহিম। গত ২৮ অক্টোবর আইপিএইচ পরিচালক রহিম এক বিজ্ঞপ্তিতে তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের অফিস চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষদের টাকনুর উপরে এবং নারীদের হিজাব পরে পর্দা মেনে চলার নির্দেশনা দেন। সমালোচনার মুখে ভুল স্বীকার করে পোশাকের নির্দেশনা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছিল।

অন্যদিকে, হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিভাগীয় মামলা করে স্বাস্থ্য সেবা বিভাগ। পরিচালক পদে নিয়োগ না হওয়া পর্যন্ত সোহরাওয়ার্দী হাসপাতালের উপ-পরিচালক ডা. কেএম মামুন মোর্শেদকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
03 November 2020

জনস্বাস্থ্য ও সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ওএসডি

chitrodesh.com