অর্থ-বাণিজ্য

রমজানে দুস্থদের সহায়তায় ১২১ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার:
আসন্ন রমজান উপলক্ষে দেশের দরিদ্র ও দুস্থ পরিবারগুলোকে সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে ১২১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এ বরাদ্দ দেয়া হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হবে।

এতে বলা হয়, ‘দেশের ৬৪টি জেলার চার হাজার ৫৬৮টি ইউনিয়নের প্রতিটিতে দুই লাখ ৫০ হাজার টাকা হারে মোট ১১৪ কোটি ২০ লাখ টাকা মানবিক সহায়তা হিসেবে দিতে অর্থ ছাড় করা হয়। সারাদেশের ৩২৮টি পৌরসভার অনুকূলে মোট ৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে “এ” ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য দুই লাখ টাকা, “বি” ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ ৫০ হাজার টাকা এবং “সি” ক্যাটাগরির প্রতিটি পৌরসভার জন্য এক লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়।’

এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য সাত লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট সিটি কর্পোরেশনের জন্য দেয়া হয়েছে ৫ লাখ টাকা করে।

দেশের ৬৪টি জেলায় ‘এ’ ক্যাটাগরি ২ লাখ, ‘বি’ ক্যাটাগরি এক লাখ ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি জেলার জন্য এক লাখ টাকা হারে মোট এক কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মুজিববর্ষে কোভিড পরিস্থিতিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তার জন্য এ অর্থ ব্যয় করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিত্রদেশ//এসএইচ//

 

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
25 March 2021

রমজানে দুস্থদের সহায়তায় ১২১ কোটি টাকা বরাদ্দ

chitrodesh.com