প্রধান সংবাদ

জনগণের ধিক্কারে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
‘বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় জনগণের ধিক্কারে মাথা খারাপ হয়ে গেছে বিএনপির’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণকাজে বাধা দিতে বিভিন্ন ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে বিভিন্নভাবে চেষ্টা করেছে তারা। এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। এখন জনগণের ধিক্কার পেয়ে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে।তাই মির্জা ফখরুল কখন কী বলছেন, তার ঠিক নেই। তারা এখন নানান ধরনের আবোলতাবোল বলছেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের বিদায় ঘণ্টা তো বিএনপি তাদের নয়াপল্টনের অফিসে বসে ২০০৯ সালের মাঝামাঝি থেকে বাজানো শুরু করেছে। যতই ঘণ্টা তারা বাজাচ্ছে, ততই জনবিচ্ছিন্ন হচ্ছে। তারা নিজেরাই তাদের বিদায় ঘণ্টা বাজিয়েছে, আমাদের বিদায় ঘণ্টা নয়। স্বপ্ন দেখা কোনো দোষের নয়। কিন্তু স্বপ্ন দেখতে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, বিএনপি ১৩, ১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা করেছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পাঁয়তারা করছেন। এটি যাতে করতে না পারে আমাদের দলের নেতাকর্মীদের আমরা সতর্ক করেছি। আবারও যদি এটি করার চেষ্টা করে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ২১০০ সালকে সামনে নিয়ে একটি ডেলটা প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সারা দেশের জন্য একটা ফিজিক্যাল প্ল্যানিং করা হয়েছে। সেই প্ল্যানিংয়ের আওতায় কিছু বাস্তবায়নও শুরু করা হয়েছে। সেই প্লানিংয়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভবিষ্যৎ দেখেন। তিনি ৫ বছরের পরিকল্পনা নেন না। তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। তাতে ২০৪১ সাল নয়, এর আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

এর আগে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করতে একদিনের সফরে তিনি লালমনিরহাট পৌঁছান দুপুর আড়াইটায়।

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 May 2022

জনগণের ধিক্কারে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

chitrodesh.com