প্রধান সংবাদ

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু, আহত ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মোমেনা খাতুন (৪৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কুড়ুলগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোমেনা খাতুন দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালবৈশাখী ঝড়ের সময় মোমেনা খাতুন ও তার স্বামী আমিনুল ইসলাম ঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় ঘরের পাশে একটি লিচু গাছের ডাল ভেঙে টিনের চালে পড়লে ঘটনাস্থলেই মোমেনা খাতুনের মৃত্যু হয় এবং তার স্বামী আহত হন।

এদিকে উপজেলার রুদ্রনগর গ্রামে ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেওয়া দোকানের প্রাচীর ভেঙে পড়ে পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের স্কুলপাড়ার মৃত শমসের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪০), ইসরাফিল আলীর ছেলে ইউসুফ আলী (৩৮), নূর ইসলামের ছেলে আবু বক্কর (৪০), বাক্কার আলীর ছেলে আক্কাস (৩৩) ও সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মওলা কবীরের স্ত্রী ফুলসিরাতুল খাতুন (৪২)।

আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গার পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক বলেন, সন্ধ্যার পর প্রায় আধাঘণ্টা বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ সময় বাতাসের বেগ ছিল ৬৪ কিলোমিটার এবং ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ঝড়ের সময় টিনের চালের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার স্বামীও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চিত্রদেশ//এফ টি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
15 April 2022

চুয়াডাঙ্গায় কালবৈশাখী ঝড়ে নারীর মৃত্যু, আহত ৬

chitrodesh.com