রাজনীতি

কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় কাউকে ছাড় নয় : কাদের

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়ার প্রশ্নই ওঠে না।’

বুধবার (১০ মার্চ) বিকেলে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সংঘর্ষে নিহত আলা উদ্দিন ও এর আগের ঘটনায় সাংবাদিক মোজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইজিপি, র‌্যাবের ডিজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আইন সমানভাবে প্রযোজ্য, ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেফতার করা হয়েছে, অভিযান চলছে।’

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনকে কারও অপকর্মের জন্য ম্লান হতে দিতে পারি না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এ দুঃখজনক ঘটনার বিচারকাজ তদন্ত করে রিপোর্ট গঠনের জন্য নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেয়া হয়েছে, রিপোর্ট এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।’

তিনি বলেন, ‘বেশ কিছুদিন থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায় জনজীবনে অস্থিরতা বিরাজ করছিল, সরকার এখন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ শুরু করছে, তাই আশা করা হচ্ছে শিগগিরই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।’ ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জের জনগণকে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ এবং সরকারকে সহযোগিতার আহ্বান জানান।

চিত্রদেশ//এলএইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 March 2021

কোম্পানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় কাউকে ছাড় নয় : কাদের

chitrodesh.com