আন্তর্জাতিকপ্রধান সংবাদ

করোনা প্রতিরোধে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:
করোনা প্রতিরোধে ৯ আগস্ট থেকে নতুন আইন জারি করতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স। এই আইন অনুসারে যদি কেউ কফিশপ বা রেস্তোরাঁয় যেতে চান, তবে তার অ্যান্টিকরোনাভাইরাস পাশ থাকতে হবে। এ ছাড়া প্লেনে ভ্রমণ বা আন্তঃনগর ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে লাগবে এ পাশ।

বুধবার এ তথ্য জানান ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আটাল। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

করোনাভাইরাসে বিপর্যস্ত ফ্রান্সে এখন ভাইরাসটির ডেল্টা ধরন ছড়িয়ে গেছে। দেশটিতে প্রায় প্রতিদিন করোনাক্রান্ত মানুষের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি। এমন সময় কর্তৃপক্ষ এ ভাইরাস প্রতিরোধে নতুন আইন জারি করতে যাচ্ছে। আইনটি ইতোমধ্যে পার্লামেন্টে পাশ হয়েছে।

এই স্বাস্থ্য পাশ নিতে হলে অবশ্যই আবেদনকারীকে স্বীকৃত কোনো কোম্পানির দুই ডোজ টিকা নিতে হবে, নেগেটিভ রিপোর্ট অথবা সম্প্রতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন এমন হতে হবে। আইনে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

যদিও মিউজিয়াম, সিনেমা হল এবং সাংস্কৃতিক স্থানগুলোতে প্রবেশের ক্ষেত্রে ২১ জুলাই থেকেই এ অ্যান্টিকরোনাভাইরাস পাশ বাধ্যতামূলক।

সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল বলেন, ৯ আগস্ট থেকে এই স্বাস্থ্য পাশ কফিশপ, রেস্তোরাঁ, প্লেন এবং আন্তঃনগর ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক।

‘সম্প্রতি ফ্রান্সে করোনার ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন ১৯ হাজারের মতো মানুষ করোনাক্রান্ত হচ্ছেন, যা গত সপ্তাহের চেয়ে বহুগুণ বেশি। এর অর্থ হলো— ফ্রান্সে দিনকে দিন খারাপ হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি এবং উদ্বেগের কারণ হয়ে রয়ে যাচ্ছে’, যোগ করেন গ্যাব্রিয়েল।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে ফ্রান্সে এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক লাখ ১১ হাজার ৭৩৫ জনের। দেশটিতে ৬০ লাখ ৫৪ হাজার মানুষ করোনাক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটি টিকাদান কর্মসূচি জোরেশোরে শুরু করার ফলে এ ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু অতিসংক্রামক করোনার ডেল্টা ধরন পরিস্থিতি দ্রুত পাল্টে দিচ্ছে।

 

চিত্রদেশ//এফটি//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
29 July 2021

করোনা প্রতিরোধে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফ্রান্স

chitrodesh.com