প্রযুক্তি

এবার ফেসবুক কর্মীদের তথ্য চুরি!

প্রযুক্তি ডেস্ক:
ফেসবুক কর্মীদের তথ্য চুরি হয়েছে! বিশ্বাস না হলেও এটাই ঘটনা। এনক্রিপ্ট না করা কয়েকটা হার্ডড্রাইভ চুরি হয়েছে।

হার্ডড্রাইভগুলোতে ২৯,০০০ ফেসবুক কর্মচারীর তথ্য সংরক্ষণ করা ছিল। ফেসবুকের এক কর্মীর গাড়ি থেকে ওই হার্ডড্রাইভগুলো চুরি হয়েছে।

হার্ডড্রাইভে হাজার হাজার কর্মী সম্পর্কিত তথ্য রয়েছে, যাদের ২০১৮ সালে নিয়োগ করা হয়েছিল। ওই হার্ডড্রাইভে রয়েছে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কর্মীর নাম, তাদের সামাজিক সুরক্ষা নম্বরের শেষ চারটি সংখ্যা, তাদের বেতন, বোনাস এবং ইক্যুইটি সম্পর্কিত বিশদ তথ্য।

ফেসবুক শুক্রবার সকালে ই-মেইলের মাধ্যমে চুরির বিষয়টি তার কর্মীদের জানিয়েছে।

জানা গেছে, চুরি হওয়া হার্ডড্রাইভগুলোতে কোনও ফেসবুক ব্যবহারকারীর ডেটা থাকে না। তবুও এই ঘটনা ব্যক্তিগত ডেটার বিষয়ে ফেসবুকের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে আগেও ফেসবুকের দিকে অভিযোগে আঙুল উঠেছে।

গত ১৭ নভেম্বর ওই চুরি হয়েছে। এর প্রায় একমাস পর কর্মচারীদের এবিষয়ে জানাল ফেসবুক।

একটি অভ্যন্তরীণ ই-মেইল থেকে জানা গেছে, ২০ নভেম্বর হার্ডড্রাইভ চুরির ব্যাপারে জানতে পারে ফেসবুক। আর ২৯ নভেম্বর জানতে পারে যে ওই ড্রাইভগুলোতে কর্মীদের তথ্য রয়েছে। এখন চুরি হওয়া হার্ড ড্রাইভগুলো পুনরুদ্ধার করতে পুলিশের সঙ্গে কাজ করছে।

ব্লুমবার্গকে দেওয়া এক বিবৃতিতে ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, আমরা বিশ্বাস করি যে এটি সাধারণ চুরির ঘটনা। কর্মীদের তথ্য পাওয়ার চেষ্টার জন্য চুরি নয়।

হার্ডড্রাইভগুলো কেন প্রথমেই অফিসে রাখা হয়নি? সে বিষয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া একজন কর্মীর পক্ষে অফিসের সম্পত্তি বাইরে নিয়ে যাওয়ার কথা নয়। এটি অত্যন্ত ভয়াবহ বিষয় যে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ রয়েছে এমন হার্ডড্রাইভগুলো এনক্রিপ্ট করা হয়নি।

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
17 December 2019

এবার ফেসবুক কর্মীদের তথ্য চুরি!

chitrodesh.com