রাজনীতি

ইশরাকের ‘ঢাকা এইড’ প্রজেক্টের ত্রাণ বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান উপলক্ষে ঢাকার দুস্থ ও অসহায় পরিবারের জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঘোষিত প্রজেক্ট ঢাকা এইড কার্যক্রমের আওতায় ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন।

সোমবার দুপুরে রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দুস্থদের বাসায় বাসায় গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন। বিএনপি, যুবদল এবং ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবী দল ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে নগরের দুস্থদের বাসায় বাসায় গিয়ে খাবার বিতরণ করেন।

১০ হাজার দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ঢাকাবাসীর সমন্বয়ে ত্রাণ তহবিল গঠনের কার্যক্রম ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচিতে নিজস্ব অর্থায়নে আড়াই হাজার প্যাকেটের বিতরণের ঘোষণা দিয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকাপুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

নিজস্ব অর্থায়নের এ আড়াই হাজার প্যাকেট প্রস্তুত করে বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনে বিতরণ করা হয় রাজধানীর সূত্রাপুর এবং ওয়ারী থানার দুস্থদের বিভিন্ন বাসায়।

গত ২৮ এপ্রিল ঢাকার অসহায় ও দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রজেক্ট ঢাকা এইড কর্মসূচির ঘোষণা দেন ফাউন্ডেশনের ইশরাক হোসেন।

ঘোষণার সপ্তম দিনে এখন পর্যন্ত মোট সহায়তা এসেছে এক লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। আর ত্রাণ উপকরণ এসেছে ৫০ বস্তা (আড়াই টন) চাল, ২০ বস্তা (একটন) ছোলা এবং ১৭ বস্তা (৪২৫ কেজি) পেঁয়াজ।

একই সময়ের মধ্যে আমাদের অফিসিয়াল নম্বর ০১৭০৭৩৬৮৮৬৮ তে ফোন করে অনুদান দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আরও অনেকেই। আর তহবিল সংগ্রহ সম্পর্কিত যাবতীয় হিসেব সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের ওয়েবসাইট www.shkfoundation.orgএ বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আগামী ১৫ রমজান অর্থাৎ ১০ মে পর্যন্ত চলবে প্রজেক্ট ঢাকা এইডের তহবিল সংগ্রহের কার্যক্রম। ঢাকাবাসীর যে কেউ চাইলেই তার সামর্থ্য অনুযায়ী এই ফাউন্ডেশনে অনুদান দিয়ে দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
05 May 2020

ইশরাকের ‘ঢাকা এইড’ প্রজেক্টের ত্রাণ বিতরণ শুরু

chitrodesh.com