প্রধান সংবাদ

করোনায় একদিনেই মৃত্যু ৭৩

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই মারা গেছে ৭৩ জন। এ নিয়ে চীনের মূল ভূখণ্ড ও এর বাইরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৫ জনে। বুধবার চীনে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৮৭ জন।

এখন পর্যন্ত চীনে প্রতিষেধকবিহীন এই ভাইরাসে ২৭ হাজার ৩৭৮ জন আক্রান্ত হয়েছেন। চীনসহ সারাবিশ্বে এ সংখ্যা ২৭ হাজার ৬০২। বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

চীনের ন্যাশনাল হেল্থ কমিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, করোনাভাইরাসে মাত্র ২৪ ঘণ্টায় (বুধবার রাত পর্যন্ত) মারা গেছেন ৭৩ জন। এদের মধ্যে ৭০ জনই হুবেই প্রদেশের উহান শহরের বাসিন্দা। এ নিয়ে প্রদেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৯ জনে। এছাড়া বুধবার চীনের তিয়ানজিন, হেইলংজিয়াং ও গোয়াইঝোতে মারা গেছেন আরো তিনজন।

হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেইতে যে ১৪ হাজার ৩১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৭৫৬ জনের অবস্থা গুরুতর।

চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত দুইজন। মঙ্গলবার হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তিনি কিছুদিন আগেই করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফিরেছিলেন। এর আগে, গত সপ্তাহে ফিলিপাইনে মারা যান উহানফেরত আরও একজন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।

বিশ্বের অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানিগুলো চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ২৮টি দেশ ও অঞ্চলের মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হচ্ছে। ফলে আক্রান্ত রোগীদের পৃথক রাখা হচ্ছে।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
06 February 2020

করোনায় একদিনেই মৃত্যু ৭৩

chitrodesh.com