অপরাধ ও আইনপ্রধান সংবাদ

সুপ্রিম কোর্ট বারে সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

স্টাফ রিপোর্টার:
ঢাকা আইনজীবী সমিতির পর এবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের মো. রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১২ মার্চ) মধ্যরাতে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।

১৪ পদের মধ্যে সভাপতি এবং একটি সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ আটটি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেলের) আইনজীবীরা।

অন্যদিকে, সর্বোচ্চ ভোট পেয়ে সম্পাদক ও একটি সহ-সভাপতিসহ ছয়টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি ও জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (নীল প্যানেলের) আইনজীবীরা।

সাদা প্যানেলের বিজয়ীরা, সহ-সভাপতি মুহাম্মদ শফিক উল্ল্যা, কোষাধ্যক্ষ ড. মো. ইকবাল করিম, সহ-সম্পাদক সাফায়েত সুলতানা রুমি।

সদস্য পদের বিজয়ীরা হলেন, মাহফুজুর রহমান রোমান, এ বি এম শিবলী সাদেকীন, মিন্টু কুমার মণ্ডল এবং মুনতাসির উদ্দিন আহমেদ।

নীল প্যানেলের বিজয়ীরা হলেন, সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সহ-সম্পাদক মাহমুদ হাসান।
বিজয়ী সদস্যরা হলেন, পারভীন কাওসার মুন্নি, এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ এবং রেদওয়ান আহমেদ রানজিব।

এর আগে বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়। নির্বাচনে ৭ হাজার ৭২২ ভোটারের মধ্যে ৫ হাজার ৬৭৬ জন আইনজীবী ভোট দেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে মধ্যরাতে ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য অবরসরপ্রাপ্ত বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন উপকমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতি পদসহ ১৫ জন জয়ী হন । আর সাধারণ সম্পাদকসহ ৮ পদে বিজয়ী হয় বিএনপি সমর্থিত নীল প্যানেল।

চিত্রদেশ//এফ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
13 March 2021

সুপ্রিম কোর্ট বারে সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির

chitrodesh.com