প্রধান সংবাদবিনোদন

পদ্মা সেতুর শেষ স্প্যান বসছে আজ

স্টাফ রিপোর্টার:
পদ্মা সেতু ঘিরে স্বপ্নের দূরত্ব মাত্র ১৫০ মিটার। আর সেই দূরত্ব আতিক্রম করে পদ্মা সেতুর শেষ স্প্যান বসতে যাচ্ছে বৃহস্পতিবার। ১২ ও ১৩ নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসলেই স্বপ্ন স্পর্শ করবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ৪১ নম্বর স্প্যানটি বসাতে প্রস্তুত প্রকল্প কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিন সবকিছু ঠিক থাকলে লেখা হবে নতুন ইতিহাস। চ্যালেঞ্জ জয়ের অদম্য স্পৃহাই যে হাতের মুঠোয় সাফল্য এনে দিয়েছে তারও প্রমাণ মিলবে।

বুধবার ভাসমান বড় ক্রেনে স্প্যানটি উঠিয়ে যেখানে স্থাপন করা হবে, সেখানে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানে স্প্যানটি রাখা হবে। বৃহস্পতিবার সুবিধাজনক সময়ে স্প্যানটি ১২ ও ১৩ নম্বর খুঁটিতে (পিলার) স্থাপন করা হবে। পদ্মা সেতু প্রকল্প সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ স্প্যানটি স্থাপনের মাধ্যমে পদ্মার দুই পাড় মাওয়া ও জাজিরা যুক্ত হয়ে যাবে। এরপর সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে যানবাহন ও ট্রেন চলাচল করতে পারবে। সরকার আগামী বছর ডিসেম্বরে সেতুটি চালু করার ঘোষণা দিয়েছে।

এ প্রসঙ্গে সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, সেতুর শেষ স্প্যান বসানোর সব প্রস্তুতি নেওয়া আছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার স্প্যানটি বসতে পারে। তবে এটি পুরোপুরি কারিগরি বিষয় এবং তা দেখভাল করছে পরামর্শক প্রতিষ্ঠান ও প্রকৌশলীরা। তিনি আরো বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সবকিছুতে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সর্বশেষ স্প্যান খুঁটিতে বসানোর কাজটা কিছুটা কঠিন হতে পারে। এ জন্য আগেই খুঁটির কাছে নিয়ে রাখা হচ্ছে, যাতে বৃহস্পতিবার সহজেই স্প্যানটি তোলা যায়। পদ্মা সেতুর সর্বশেষ, অর্থাৎ ৪১ নম্বর স্প্যানটি বসবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। মাওয়ার কুমারভোগের নির্মাণমাঠে যেখানে স্প্যান প্রস্তুত করা হয়, সেখান থেকে এটি বসানোর খুঁটি খুব বেশি দূরে নয়। এ জন্য কুয়াশা থাকলেও বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছেন প্রকল্পের কর্মকর্তারা।

চিত্রদেশ//এফ//এল//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
10 December 2020

পদ্মা সেতুর শেষ স্প্যান বসছে আজ

chitrodesh.com