খেলাধুলাপ্রধান সংবাদ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও লেখেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তিনি অনুরোধ জানিয়েছেন। ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, ‘আমি তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে (উপদেষ্টা) অনুরোধ করেছি, বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ায় আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন ক্রীড়া উপদেষ্টা। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের কলকাতায় তিনটি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা রয়েছে।

এই পরিস্থিতিতে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে বিসিবিকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন আসিফ নজরুল। তিনি ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে) বলেছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।’

পোস্টে তিনি আরও বলেন, বোর্ডকে জানাতে বলা হয়েছে যে, ‘যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’ একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতে বিসিবিকে নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
04 January 2026

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল

chitrodesh.com