প্রধান সংবাদ

করোনায় নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে ঢাকার ৬২ জন

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১২ জন আক্রান্ত হয়েছেন; এরমধ্যে ৬২ জনই ঢাকার বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান তিনি।

ফ্লোরা জানান, নতুন আক্রান্ত ১১২ জনের প্রায় দুই-তৃতীয়াংশ পুরুষ- ৭০ জন; নারী ৪২ জন। নতুন আক্রান্তদের ৬২ জন ঢাকার। ১৩ জন নারায়ণগঞ্জের। বাকি ৩৭ জন অন্যান্য জেলার। মৃত একজন ঢাকার বাসিন্দা, ষাটোর্ধ্ব পুরুষ।

নতুন আক্রান্তদের মধ্যে বয়সের দিক থেকে দশ বছরের নিচে ৩ জন, ১১-২০ বছরের মধ্যে ৯ জন, ২১-৩০ এর মধ্যে ২৫ জন, ৩০-৪০ বছরের মধ্যে ২৪ জন, ৪০-৫০ এর মধ্যে ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ২৩ এবং ষাটোর্ধ্ব ১১ জন।

এর আগে বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩০ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে মারা গেছেন আরও একজন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১।

এতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে আইসোলেশন বেড সংখ্যা বাড়ানো হচ্ছে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) ২ হাজার বেড, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটে ১ হাজার ৪০০ বেড ও উত্তরার দিয়াবাড়িতে চারটি ভবনে ১ হাজার ২০০ বেডের আইসোলেশন ইউনিটসহ আরও মোট ৫ হাজার ৬০০ বেডের আইসোলেশন ইউনিট যুক্ত হচ্ছে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩০। মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

 

চিত্রদেশ//এস//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
09 April 2020

করোনায় নতুন আক্রান্ত ১১২ জনের মধ্যে ঢাকার ৬২ জন

chitrodesh.com