আয়োজনপ্রধান সংবাদ

মেলার শেষ সময়ে ছাড়-অফারের হিড়িক

স্টাফ রিপোর্টার:
২৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিদায়ের ঘনঘটায় ক্রেতা-দশনার্থীদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। শেষ মুহূর্তে বিক্রি বাড়াতে ছাড়-অফার বাড়িয়েছে স্টলগুলো।

ক্রেতাদের আকর্ষণে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্যছাড় দিচ্ছেন বিক্রেতারা। পণ্য ভেদে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ের পাশাপাশি বিভিন্ন অফার দিয়েছেন ব্যবসায়ীরা। একটি কিনলে একটি ফ্রিসহ রয়েছে ‘রাজকীয়’, ‘গোল্ডেন’ ও ‘ফাটাফাটি’ অফার। সব মিলিয়ে অফার আর ছাড়ের ছড়াছড়ি চলছে এখন বাণিজ্য মেলায়। বিভিন্ন ছাড়ে পণ্য কিনতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। আশানুরূপ ক্রেতা পেয়ে খুশি স্টলের মালিকরা। সোমবার ২৭তম দিন মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে এমন চিত্র।

মেলায় সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে স্টিল, অ্যালোমিনিয়াম ও প্লাস্টিকের তৈরি গৃহস্থালি সব জিনিসপত্র নানা ধরনের ইলেক্ট্রনিক পণ্য কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকারসহ ঘর সাজানোর সামগ্রীসহ ফ্যাশেনেবল পোশাক ব্লেজার ও খাদ্যপণ্যে।

মেলায় ‘বেস্ট বাই’ এর প্রিমিয়ার প্যাভিলিয়ন থেকে পণ্য কিনলে ক্রেতারা পাচ্ছেন ৩০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়। এছাড়া ৩ হাজার টাকার ফার্নিচার কিনলে ঢাকার ভেতরে হোম ডেলিভারি ফ্রি।

আকর্ষণীয় ডিজাইনের নতুন নতুন বাহারি সব পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছে দেশের জনপ্রিয় মেলামাইন ব্র্যান্ড ইটালিয়ানো। মেলা উপলক্ষে ইটালিয়ানো দিচ্ছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়। সেই সঙ্গে রয়েছে ৫০০ টাকার পণ্য কিনে থাইল্যান্ড, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুবর্ণ সুযোগ। মেলার ৫২ নম্বর প্রিমিয়ার প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে ইটালিয়ানোর এসব অফার।

মেলায় ইটালিয়ানোর প্যাভিলিয়ন ইনচার্জ ইফতেখার নুর আলম জানান, ইটালিয়ানো একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্যের ব্র্যান্ড। মেলায় মন মাতানো রঙ আর বাহারি সব ডিজাইনের প্রায় দুই হাজারের বেশি পণ্য প্রদর্শিত হচ্ছে।

মেলায় নতুন নতুন পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ সানি টুথব্রাশ উল্লেখ করে প্যাভিলিয়ন ইনচার্জ জানান, স্বাস্থ্যসম্মত এসব টুথব্রাশ ৫০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সানি টুথব্রাশ দুটি কিনলে একটি ফ্রি দেয়া হচ্ছে। এছাড়া অন্যান্য পণ্যে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় অফার।

তিনি বলেন, মেলায় মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই ক্রেতাকে দেয়া হচ্ছে একটি কুপন। র্যাফেল ড্রর মাধ্যমে সৌভাগ্যবান বিজয়ীরা পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-নেপাল-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট।

মেলায় ব্লেজারে রাজকীয় অফার দিয়েছে সাইফা হ্যান্ডিক্রাফট। এই স্টলটির বিক্রয়কর্মী মো. আকাশ বলেন, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য মাত্র ১২শ টাকায় রাজকীয় অফারের ব্লেজার বিক্রি করছি। এছাড়াও বিশেষ ছাড়ে ১৪শ থেকে ৪ হাজার টাকার মধ্যে ভালো মানের ব্লেজার রয়েছে।

বিক্রি প্রসঙ্গে তিনি জানান, প্রথম দিকে তেমন বিক্রি হয়নি। তবে ২০ তারিখের পর থেকে বিক্রি বেড়েছে। মেলার বাকিদিনগুলো বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা তার।

মেলায় ব্লেজার কিনতে আসা ওবায়দুর রহমান জানান, প্রতিবছর মেলার শেষদিকে ব্লেজারের বিভিন্ন অফার দেয়। তাই ব্লেজার কিনতে মেলায় এসেছি। দেখছি পছন্দ আর দামে বনলে কিনবে।

মেলায় পাঁচ শতাধিক খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ‘প্রাণ’। প্রদর্শনের পাশাপাশি ভোক্তাদের চাহিদা ও পছন্দ বিবেচনায় রাখা হয়েছে ২০টির বেশি প্যাকেজ। ১২০ টাকা থেকে ১২৬০ টাকার এসব প্যাকেজে রয়েছে সর্বোচ্চ ২৬০ টাকা ছাড়। এ ছাড়া প্যাকেজের বাইরে পণ্য কিনলে ক্রেতারা পাবেন শতকরা ১০ শতাংশ ছাড়।

এছাড়া মেলায় বিভিন্ন অফার দিচ্ছে থ্রি-পিস বিক্রেতারা। এর মধ্যে ‘গোল্ডেন অফার’ নাম দিয়ে একাধিক প্রতিষ্ঠান মাত্র ৬শ থেকে ৭শ টাকায় তিন সেট থ্রি-পিস বিক্রি করছে। এর পাশাপাশি এক হাজার টাকা, ১২শ টাকা ও ১৫শ টাকার অফারেও তিন সেট থ্রি-পিস বিক্রি করা হচ্ছে।

তিন সেট থ্রি-পিস ৭শ টাকায় বিক্রি করছে এমন একটি প্রতিষ্ঠান ‘ছোয়া কালেকশন’। মেলার ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে একটু সামনে বামপাশে বিশাল আকারের এই স্টলটি দেখা যাবে। স্টলটিতে গোল্ডেন অফার লিখে একাধিক পোস্টার ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তিন সেট থ্রি-পিস ৭শ টাকা। এছাড়া ফ্যামিলি অফারে এক সেট থ্রি-পিস ৪শ ৫০ টাকা ও তিন সেট এক হাজার ১শ টাকা।

 

চিত্রদেশ//এইচ//

Share this news as a Photo Card

Related Articles

Back to top button
28 January 2020

মেলার শেষ সময়ে ছাড়-অফারের হিড়িক

chitrodesh.com